রায়গঞ্জে কৃষকের ছেলে হলেন বিসিএস প্রশাসন ক্যাডার

কৃষক পরিবারের সন্তান মো. রনি আহমেদ রাসেল ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি ১০৭তম মেধাক্রম অর্জন করেছেন। তার সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
রনি রায়গঞ্জ উপজেলার কাজিপুর গ্রামের কৃষক মো. ফজলুল হক ও মোছা. আজমিয়ারা বেগমের ছেলে। আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও বাবা-মায়ের সহযোগিতা, শিক্ষকদের অনুপ্রেরণা এবং নিজের কঠোর পরিশ্রমে তিনি এই সাফল্য অর্জন করেন।
রনি ২০১৫ সালে ঝাপরাকাজিপুর আবদুল মান্নান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৭ সালে সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও মাস্টার্স ইন মেডিসিন ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিনি জয়পুরহাট সদর উপজেলার হাটিল শাখায় সোনালী ব্যাংক পিএলসির অফিসার (জেনারেল) হিসেবে কর্মরত। পাশাপাশি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির অফিসার (ক্যাশ) পদেও সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
নিজের সাফল্য সম্পর্কে রনি বলেন, এই অর্জনের পেছনে বাবা-মায়ের ত্যাগ, পরিবারের সহযোগিতা, শিক্ষকদের অনুপ্রেরণা এবং নিজের প্রতি বিশ্বাস সবচেয়ে বেশি কাজ করেছে। ভবিষ্যতে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে মানুষের সেবা করতে চাই।
রনির বাবা বলেন, কৃষিকাজ করে কষ্ট করে ছেলেকে পড়াশোনা করিয়েছি। ছেলে আজ বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ পেয়েছে—এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ।
কৃষক পরিবারের সন্তান থেকে বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত রনির এই সাফল্য স্থানীয় তরুণদের মধ্যে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে।
ভোরের আকাশ/ইউএম