শ্রীপুরে থানার সামনে নিষিদ্ধ যুবলীগের মিছিল, গ্রেফতার ৮

গাজীপুরের শ্রীপুর পৌর শহরে থানার প্রবেশ মুখে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা কর্মীরা। শুক্রবার জুমার নামাজের শেষ মূহুর্তে এ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির নেতাকর্মীরা ধাওয়া করে আটজনকে ধরে পুলিশে সোপর্দ করে।
আটককৃরা হলো রানা, জয়,কনিক,সতেজ,মমিন,জুনাইদ,আতিকুর ও আরিফ। আটকদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। আটককৃতদের বাড়ি উপজেলার মাষ্টার বাড়ি ও বাঘের বাজার এলাকায় বলে তাৎক্ষনিকভাবে জানা গেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা যুবলীগের মিছিলে আসার কথা শিকার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দুইটা বাজার কিছু সময় বাকি। সব মানুষ তখন মসজিদে জুমার নামাজে। কিছু মুসল্লি বেরিয়ে আসছে। এ সময় কতিপয় যুবক শ্রীপুর পৌর শহরে থানার প্রবেশ মুখে জড়ো হতে থাকে। এক পর্যায়ে অর্ধশতাধিক যুবক শেখ মুজিবুর রহমান ও যুবলীগের নেতাদের ছবি সম্বলিত ফেষ্টুন ব্যানার নিয়ে মিছিল শুরু করে। বিএনপির নেতা কর্মীরা ধওয়া করলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালতে থাকে। এ সময় বিএনপির নেতা কর্মীরা আট জনকে ধরে পুলিশে সোপর্দ করে।
যুবলীগের এমন মিছিলের খবরে স্থানীয় বিএনপির নেতা কর্মীদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। তাৎক্ষনিক পৌর বিএনপির আহবায়ক সদস্য খোকন প্রধানের নেতৃত্বে নেতা কর্মীরা প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে।
উল্লেখ দীর্ঘ দুই বছর পর গত ১৭ অক্টোবর ভোরে শ্রীপুর পৌর শহরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ প্রথম মিছিল করে। আজ তারা থানার সামনে মিছিল করার দুঃসাহস দেখায়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীনুর আলম জানান, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ পৌর শহরে মিছিল বের করে। এসময় আট জনকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/সু.পা