শ্রীপুরে শিশু ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক!

গাজীপুরের শ্রীপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
৩১ জানুয়ারি শনিবার রাতে শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় জাকির হোসেনের বাড়িতে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি (১১) তার বাবা-মায়ের সাথে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতো। শিশুটিকে ভয় দেখিয়ে নির্জন স্থানে নিয়ে অভিযুক্ত মামা ও ভাগিনা মিলে পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির অস্বাভাবিক আচরণ দেখে বিষয়টি জানাজানি হয়। তাৎক্ষণিকভাবে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তদের ধরে ফেলে।
ধর্ষক নাজমুল (২৫) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ভাটাজোর গ্রামের উজ্জ্বল আহমেদের ছেলে। শাকিব (১৭) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। নাজমুল ও শাকিব সম্পর্কে মামা- ভাগিনা। তারা উভয়েই গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় জাকির হোসেনের বাড়ির ভাড়াটিয়া।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেয়। ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয়রা এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির আহমেদ জানান আটককৃতরা থানা হেফাজতে রয়েছে। এই ঘটনায় 'নারী ও শিশু নির্যাতন দমন আইনে' মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/আ.র