গাংনীতে ‘জয় বাংলা’ লেখা বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি স্থান থেকে লাল টেপে মোড়ানো ছয়টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। উদ্ধার করা বস্তুগুলোর মধ্যে তিনটিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এবং বুধবার (১৮ নভেম্বর) সকালে একই ইউনিয়নের বলতলা বাজার সংলগ্ন ব্রিজ থেকে এগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে চেয়ারম্যানপাড়ার মৃত রুহুল কুদ্দুসের ছেলে হযরত আলীর বাড়ির মার্কেটের সামনে দুর্বৃত্তরা লাল টেপে মোড়ানো তিনটি বোমা সদৃশ বস্তু রেখে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করে। এ সময় তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে, একই ইউনিয়নের বলতলা বাজারের নিকটবর্তী ব্রিজের উপর থেকেও আরও তিনটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বস্তুগুলো সেখানে ফেলে রেখে গেছে। খবর পেয়ে সকাল আনুমানিক ৭টার দিকে গাংনী থানা পুলিশ পুনরায় ঘটনাস্থলে পৌঁছে সেগুলোও উদ্ধার করে। এ সময়ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্ধার করা এই তিনটি বস্তুর মধ্যে দুটিতে ‘জয় বাংলা’ লেখা দেখতে পান স্থানীয়রা।
এলাকায় হঠাৎ এমন রহস্যজনক বস্তু উদ্ধারের ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা আলামিন ক্ষোভ প্রকাশ করে বলেন, সকালে ব্রিজের ওপর এমন বস্তু দেখে এলাকার সাধারণ মানুষের মধ্যে ভয় কাজ করছে। কারা রাতের আঁধারে এসব রেখে গেল, আমরা তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
অপর এক স্থানীয় ব্যবসায়ী জানান, হঠাৎ এভাবে বোমা সদৃশ বস্তু পাওয়ার ঘটনায় আমাদের ব্যবসাপ্রতিষ্ঠান ও চলাচলে আতঙ্ক তৈরি হয়েছে। আমরা পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
ঘটনার বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুটি স্থান থেকে মোট ছয়টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করে নিরাপদ দূরত্বে হেফাজতে নেয়। উদ্ধারকৃত বস্তুগুলো আসলেই আসল বোমা কি না, তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ টিমকে জানানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পরেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
ওসি আরও বলেন, কে বা কারা, কী উদ্দেশ্যে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে এই ধরনের বস্তু রেখে গেছে, তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।