গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে তাঁদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। প্রায় এক ঘণ্টা পর শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকরা জানান, গত ১০ অক্টোবরের আন্দোলনের পর কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে বেতন না দিয়ে কর্তৃপক্ষ টালবাহানা শুরু করে। বুধবার বেতন দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিতে এসে তাঁরা কারখানায় সাধারণ ছুটি ঘোষণার বিষয়টি জানতে পারেন। এর প্রতিবাদে তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। একই সঙ্গে বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয় পুলিশ। তবে শ্রমিকরা অবরোধ চালিয়ে গেলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
একপর্যায়ে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে তাঁরা মহাসড়ক ছেড়ে যান চলাচলের পথ উন্মুক্ত করেন।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম বলেন, সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। তাঁদের মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়।
কিন্তু তাঁরা অবরোধ অব্যাহত রাখেন। পরে কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ভোরের আকাশ/সু.পা