খুলনায় ১,০৮,৯৯২ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সমগ্র দেশের ন্যায় খুলনা মহানগরীতেও আগামী ২৮ জুন ২০২৬ তারিখে একযোগে শুরু হবে। এ উপলক্ষে বুধবার (২৫ জুন) সকাল ১১টায় কেসিসির নগর স্বাস্থ্য ভবনের কনফারেন্স রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান-এর আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন একযোগে শুরু হতে যাওয়া এ ক্যাম্পেইনের মাধ্যমে খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ডে ৬–৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুদের অপুষ্টি প্রতিরোধ ও ভিটামিন ‘এ’ ঘাটতি পূরণে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়।
খুলনা সিটি করপোরেশন স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এবারের ক্যাম্পেইনে মোট ১,০৮,৯৯২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬–১১ মাস বয়সী ১২,৩৩৭ জন শিশুকে ১ লক্ষ আইইউ (নীল ক্যাপসুল) এবং ১২–৫৯ মাস বয়সী ৯৬,৬৫৫ জন শিশুকে ২ লক্ষ আইইউ (লাল ক্যাপসুল) প্রদান করা হবে।
এছাড়া নগরীতে মোট ৭১০টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে ৫৮০টি ওয়ার্ডভিত্তিক কেন্দ্র, ৮০টি মোবাইল কেন্দ্র এবং ৫০টি এনজিও কেন্দ্র রয়েছে। ক্যাম্পেইনে মোট ১,৪২০ জন ভলান্টিয়ার এবং ৬২ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।
কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ২৮ জুন থেকে শুরু হতে যাওয়া ভিটামিন এ প্লাস জাতীয় ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো তিনি, যাতে কোনো শিশু এই কর্মসূচি থেকে বাদ না পড়ে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উপস্থাপন করেন কেসিসি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউন ইসলাম। এছাড়া স্বাস্থ্য বিভাগ, খুলনা সিটি করপোরেশন, বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাস্থ্য সেবা বিভাগ ও সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
ভোরের আকাশ/ইউএম