খুলনায় মাটিতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার, খুনের সাথে জড়িত দম্পতি আটক

খুলনা মহানগরীর মোস্তোর মোড়ে তিন মাস পূর্বের মৃত ব্যক্তির মাটি খুড়ে লাশ উত্তোলন করা হয়। একই সাথে এক দম্পতি খুনের সাথে জড়িত সন্দেহে গ্রেফতার হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে খুলনার হরিণটানা থানার মোস্তোর মোড় এলাকায় বাড়ির সামনে মাটিতে পুঁতে রাখা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রেলব্রিজ বুলু ওয়েল আবাসিক এলাকার মুরাদ মোল্লার বাড়ির সামনে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করেছে পুলিশ।
হরিণটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানিয়েছেন, পারিবারিক কলহের সময় আটককৃত দম্পতি একে অপরকে হত্যাকাণ্ডের জন্য দোষারোপ করলে বিষয়টি পুলিশের নজরে আসে।
সোমবার ১৩ জুলাই সকালে স্বামীর মারধরের অভিযোগ নিয়ে ফাল্গুনী খাতুন থানায় গিয়ে নিখোঁজ মারুফকে হত্যার বিষয়ে তথ্য দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দম্পতিকে আটক করে এবং তাদের দেখানো স্থানে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া মরদেহটি প্রায় তিন মাস আগে নিখোঁজ হওয়া মারুফ নামে এক ব্যক্তির হতে পারে।
আটককৃতরা মৃতব্যক্তির ইজিবাইক ছিনতাই করে তাকে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। মরদেহের পরিচয় নিশ্চিত করতে এবং হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
ভোরের আকাশ/র.ই