ভিংরাব প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভিংরাব প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বুধবার (২৯ জুলাই) আনন্দঘন পরিবেশে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলের পরিচিতি বৃদ্ধি, পুষ্টি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আবু মুহাম্মদ মাসুম। তিনি তাঁর বক্তব্যে বলেন, "শিশুদের সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে পুষ্টিকর খাদ্যের বিকল্প নেই। দেশীয় ফলের প্রতি শিশুদের আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদপ্রার্থী মো. রমজান মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান মিয়া।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উৎসবে বিভিন্ন দেশীয় ফল প্রদর্শন ও শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ করা হয়। পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
ভোরের আকাশ/রই