সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর রহস্যজনক মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেটের ৫ নম্বর ভবনে বিপ্লব শেখ (২৬) নামে এক সেলাই কর্মীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মরদেহটি বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত বিপ্লব শেখ মুন্সিগঞ্জ সদর থানার রনছ এলাকার খোরশেদ শেখের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটের ৫ নম্বর ভবনের চারতলায় জনৈক আসাদ মিয়ার কারখানায় সেলাই কর্মী হিসেবে কাজ করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কারখানা থেকে বিপ্লবের বোনকে ফোন করে জানানো হয়, তিনি স্ট্রোক করে মারা গেছেন। খবর পেয়ে তার বোন ঘটনাস্থলে এসে মরদেহ অ্যাম্বুলেন্সযোগে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে নিয়ে যান। তবে দাফনের আগে গোসল করানোর সময় বিপ্লবের শরীরের বিভিন্ন স্থানে কাটা ও রক্তাক্ত আঘাতের চিহ্ন দেখতে পেয়ে পরিবারের সন্দেহ হয়।
পরে বিষয়টি স্থানীয় থানায় জানানো হলে মুন্সিগঞ্জ সদর থানা থেকে সিদ্ধিরগঞ্জ থানাকে অবহিত করা হয়। দুই থানার সমন্বয়ে রাত পৌনে ১০টার দিকে মরদেহ সিদ্ধিরগঞ্জ থানায় আনা হয়।
নিহতের বড় বোন সীমা আক্তার অভিযোগ করে বলেন, তার ভাইকে হত্যা করা হয়েছে। তিনি জানান, কারখানার কাটিং মাস্টার প্রথমে স্ট্রোকে মৃত্যুর কথা বললেও পরে আবার ওয়াশরুমে পড়ে মৃত্যুর কথা বলেন, যা সন্দেহজনক।
তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থলে এসে দেখি সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে মরদেহ পড়ে আছে। কারখানা কর্তৃপক্ষ তড়িঘড়ি করে স্ট্রোকে মৃত্যুর কথা বলে মরদেহ গাড়িতে তুলে দেয়। পরে শরীরে আঘাতের চিহ্ন দেখে আমরা থানায় যাই।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোস্তফা কামাল জানান, সুরতহাল প্রতিবেদনে মৃতদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক বলেন, ঘটনাটি সন্দেহজনক হওয়ায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/ র.ই