সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গাইবান্ধায় আফজাল খান ওরফে মমিন (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। গ্রেপ্তারকৃত আফজাল খান ওরফে মমিন গাইবান্ধা পৌরসভার দক্ষিণ ধানঘড়া গ্রামের মৃত জান্নাত খানের ছেলে।
এসআরবি-১৩ জানান, আফজাল খান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার নাম, পদবি ও ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেন। অন্যের নামে নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করে মোবাইল ফোন ও অনলাইনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ দাবি ও গ্রহণ করতেন।
এভাবে তিনি দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার তদন্তে প্রতারক চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি। এরই ধারাবাহিকতায় ৪ অক্টোবর রাত ৯টা ১০ মিনিটে এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের একটি দল গাইবান্ধা পৌরসভার বন বিভাগ রোড এলাকার দক্ষিণ ধানঘড়া গ্রামের ‘ভাই বোন ভিলা’ নামের একটি বাড়িতে অভিযান চালিয়ে আফজাল খান ওরফে মমিনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তার হেফাজত থেকে তিনটি মোবাইল ফোন ও পাঁচটি সিমকার্ড জব্দ করা হয়। এসব সামগ্রী প্রতারণার কাজে ব্যবহৃত হতো বলে জানিয়েছে এসআরবি।
এ বিষয়ে এসআরবির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গাইবান্ধা সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামি ও জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরো জানান, হত্যা, অপহরণ, ধর্ষণ, প্রতারণা, চাঁদাবাজিসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/আ.র