পুলিশের মাদক বিরোধী অভিযান: ৬৫০০ লিটার চোলাইমদ উদ্ধার ও ধ্বংস

নওগাঁর ধামইরহাটে পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাইমদ ও মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় ও ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমানের নেতৃত্বে পরিচালিত এই চিরুনি অভিযানে প্রায় ৬৫০০ লিটার অবৈধ দেশি মদ (চোলাইমদ) জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত এসব মাদক ও উপকরণ জনসম্মুখেই ধ্বংস করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানা পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে উপজেলার জাহানপুর ইউনিয়নের মকুন্দপুর গ্রামস্থ কামারপাড়া এলাকায় এক বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকার বিভিন্ন বসতবাড়ির আশপাশ, সংলগ্ন ধান ক্ষেত ও ভুট্টা ক্ষেতে তল্লাশি চালানো হয়। অভিযান চলাকালীন মাদক ব্যবসায়ীরা মাটির নিচে ও ফসলের ক্ষেতে ড্রাম ভর্তি করে রাখা বিপুল পরিমাণ চোলাইমদ লুকিয়ে রেখেছিল। পুলিশি তৎপরতায় একে একে সবগুলো উদ্ধার করা হয়।
অভিযানস্থলে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার নির্দেশে উদ্ধারকৃত ৬৫০০ লিটার চোলাইমদ এবং মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ, বড় বড় ড্রাম ও অন্যান্য সরঞ্জামাদি তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কারবারিরা সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব না হলেও মাদকের এই বিশাল আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জোনান, জেলা পুলিশ সুপারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে এই যুদ্ধ চলমান থাকবে। মকুন্দপুরের এই চিরুনি অভিযান ওই এলাকার মাদক কারবারিদের জন্য একটি কঠোর বার্তা। এলাকাবাসী পুলিশের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি ফসলের ক্ষেত ও লোকালয়ের আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আজকের এই অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরেছে।
ভোরের আকাশ/নি