কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে।
১২ সেপ্টেম্বর (সোমবার) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিবুল হাসান, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সোহা তামান্নাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশু মেলা স্কুলের শিক্ষার্থীদের প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, “কন্যা শিশুরা আমাদের সমাজ ও দেশের ভবিষ্যৎ। তাদের নিরাপদ, সুন্দর ও বৈষম্যহীন পরিবেশে বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করতে হবে। ছেলে ও মেয়ের মধ্যে কোনো ধরনের বৈষম্য করা যাবে না। প্রতিটি কন্যা শিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। বাল্যবিয়ে একটি মেয়ের স্বাভাবিক বিকাশ ও শিক্ষাজীবনকে বাধাগ্রস্ত করে। তাই বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।” তিনি আরও বলেন, “কন্যা শিশুদের আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হলে তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে এবং নিজেদের স্বপ্ন পূরণের সুযোগ দিতে হবে।
কন্যা শিশুরা শিক্ষিত ও যোগ্য হয়ে উঠলে পরিবার, সমাজ এবং দেশ সমানভাবে উপকৃত হবে। কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং বাল্যবিয়েমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
ভোরের আকাশ/ এনউব