মহেশখালীতে জাল ভোটের অভিযোগে তিনজনের কারাদণ্ড

কক্সবাজারের মহেশখালীতে জাল ভোট দেওয়ার অভিযোগে তিনজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জাগিরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ‘ধানের শীষ’ প্রতীকে জাল ভোট দেওয়ার সময় কয়েকজনকে হাতেনাতে আটক করেন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজহারউদ্দিন। তাৎক্ষণিক শুনানি শেষে প্রমাণের ভিত্তিতে দুইজনকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মিজানুর রহমান, সোমাইয়া, নাওরীন ও রেনু আক্তারের নাম জানা গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রমাণ সাপেক্ষে তিনজনের বিরুদ্ধে দণ্ডাদেশ কার্যকর করা হয়েছে।
এদিকে একই দিনে পুটিবিলা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ভোটকেন্দ্রেও জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুর রহমান জানান, বিকেল ৩টার দিকে এক ব্যক্তি জাল ভোট দিতে এলে তাকে আটক করা হয়। পরে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা উজ্জ্বল কর্মকার বলেন, জাল ভোট দেওয়ার ঘটনায় তিনজনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি করা হয়েছে।
ভোরের আকাশ/ র.ই