ঝিনাইদহে আওয়ামী লীগ অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ

ঝিনাইদহের মহেশপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মহেশপুর পৌরসভার গাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কার্যালয়ের আসবাবপত্র ও নথিপত্র পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, রাত ২টার দিকে কয়েকজন দুর্বৃত্তরা ওই ওয়ার্ড কার্যালয়ে হামলা চালায়। তারা প্রথমে ভাংচুর করে এবং পরে কার্যালয়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা আমজেদ সরদার বলেন, রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি অফিসের ভেতরের চেয়ার-টেবিল, ব্যানার-ফেস্টুনসহ বিভিন্ন কাগজপত্র পুড়ে গেছে।
স্থানীয় বাসিন্দা কামাল বলেন, গত ৫ আগস্টের পর থেকে এলাকায় উল্লেখযোগ্য কোনো দলীয় উত্তেজনা বা সহিংসতার ঘটনা ঘটেনি। হঠাৎ করে এ ধরনের হামলায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনি আরও বলেন, এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তি না দিলে পরবর্তীতে এমন ঘটনা আরও ঘটাবে তারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষ নেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে মনে করছি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।
ভোরের আকাশ/ র.ই