ভোট দিয়েই পরিবর্তন আনতে চাই: নুরুল হক নুর

‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত! এই স্লোগান আমরা আর চাই না। আমরা আর রক্ত দিতে চাই না, এখন ভোট দিয়েই পরিবর্তন আনতে চাই’— শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ‘তারুণ্যের রাজনৈতিক সমাবেশে’ এমন দৃঢ় কণ্ঠে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ৫ আগস্টের পূর্বে তরুণরা যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে জীবন বাজি রেখে রাজপথে নেমেছিল, সেই ২৪ শের গণঅভ্যুত্থানের পরের ১৫ মাসে সেই স্বপ্ন কতটুকু পূরণ হয়েছে? আমরা দেখছি, পরিবর্তন এখনো আসেনি। তাই বলছি, আমরা আর রক্ত দিতে চাই না—এবার পরিবর্তন আসবে ভোটের মাধ্যমে।
তিনি বলেন, আগামী নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশ কোন পথে যাবে। তাই এখন সিদ্ধান্ত নিতে হবে—আমরা কাদের ভোট দেব? ভালো মানুষকে ভোট দিলে এলাকা ভালো থাকবে, দেশও ভালো চলবে। কিন্তু যদি আমরা কালো টাকার মালিক, মাফিয়া বা দুর্বৃত্তদের পেছনে হাঁটি, তবে আগের মতোই দেশের ক্ষতি হবে।
নুর বলেন, আমরা এখনো কারো সঙ্গে জোট করিনি। আমরা শুধু সেই দলের সঙ্গে জোট করব যারা মাদক, সন্ত্রাস, দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেবে এবং সমাজে ন্যায়ভিত্তিক পরিবর্তনের প্রতিশ্রুতি দেবে।
তিনি আরও যোগ করে বলেন, নারায়ণগঞ্জে অনেক তরুণ নেতা আছেন যারা শামীম ওসমানের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে লড়েছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন। এই তরুণদের ওপর ভরসা রাখলে তারাই একদিন কাউন্সিলর, এমপি, এমনকি মেয়র হিসেবেও নেতৃত্ব দিতে পারবে। আমরা চাই জনগণই সিদ্ধান্ত নিক, কারণ ক্ষমতা জনগণের কাছে।
নুরুল হক নুর বলেন, দেশে এখন মাদকবিরোধী আন্দোলনের কথা সবাই বলে, কিন্তু বাস্তবে মাদকের ব্যবসা চলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়। শুধু সরকার বদলালেই কিছু হবে না, চাঁদাবাজি বন্ধ করতে হলে রাজনীতিতেই পরিবর্তন আনতে হবে। আগে চাঁদা নিত ছাত্রলীগ, যুবলীগ—এখনও অন্য কেউ নিচ্ছে। রাজনীতি যদি সৎ না হয়, সমাজও সৎ হবে না।
তিনি আহ্বান জানান, তরুণদের যেন অন্ধ আনুগত্যের রাজনীতি থেকে বেরিয়ে এসে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তোলে। “সময় এসেছে বোঝার—আমরা কারো অনুসারী হবো, না নিজেরাই নেতৃত্ব দেবো। দেশ পরিবর্তন টকশোতে নয়, মাঠে বাস্তব নেতৃত্বেই আসবে।”
সমাবেশে যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার তরুণরা উপস্থিত ছিলেন।
‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত আগামীর সমৃদ্ধশীল নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে’ আয়োজিত এই সমাবেশের আয়োজন করে যুব ও ছাত্র অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর। সভাপতিত্ব করেন যুব অধিকার পরিষদের মহানগর সভাপতি শেখ সাব্বির রাজ এবং সঞ্চালনা করেন ছাত্র অধিকার পরিষদের মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন ও ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান।
ভোরের আকাশ/জাআ