মান্দায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

নওগাঁর মান্দা উপজেলায় মাদক সেবনের দায়ে সোহেল রানা (২৪) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ এই আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত সোহেল রানা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ী গ্রামের দেলবরের ছেলে।
প্রশাসন সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ দেলুয়াবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদক সেবনের অপরাধে সোহেল রানাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, “মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণ সমাজকে রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
তিনি আরও বলেন, জনস্বার্থে এবং মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। সবাইকে মাদক থেকে দূরে থাকার জন্য তিনি আহ্বান জানান।
দণ্ডপ্রাপ্ত যুবককে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
ভোরের আকাশ/নি