শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-৫। এ সময় নগদ টাকা, মোবাইল ফোন, এটিএম কার্ড ও মানিব্যাগ জব্দ করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) সকালে এসআরবি-৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে শিবগঞ্জ পৌরসভার স্বর্ণকার পট্টির মুকিম মার্কেটে অভিযান চালায় এসআরবি-৫ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযানিক দল। একটি দোকানে তল্লাশি চালিয়ে ৫ লাখ ৯৩ হাজার টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় তিন জাল টাকা কারবারিকে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শিবগঞ্জের পার দিলালপুরের বশির উদ্দিন, কলাবাড়ীর মানিক এবং চাঁদ শিকারী এলাকার ইউসুফ আলী। তাদের কাছ থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটের পাশাপাশি ২০
হাজার ৬৪০ টাকা নগদ, তিনটি মোবাইল ফোন, দুটি এটিএম কার্ড ও দুটি মানিব্যাগ জব্দ করা হয়।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা
জানিয়েছে এসআরবি।
ভোরের আকাশ/ইউএম