জমি বিরোধে আটকে আছে মেরামত, ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার জোনাইল চাইলেনিপাড়া এলাকায় এক পরিবার দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করতে বাধ্য হচ্ছে। ২০২৬ সালে এসে এমন মানবেতর পরিস্থিতি অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে সেই কঠিন জীবনই কাটাচ্ছে পরিবারটি।
ঘরটি পরিদর্শনে দেখা যায়, পুরনো টিনের ছাউনি জুড়ে অসংখ্য ছিদ্র। বৃষ্টি নামলেই পানি ঢুকে পড়ে ভেতরে, ভিজে যায় ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র। হালকা ঝড়েই পুরো কাঠামো দুলতে থাকে, যেন যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে, এমন আশঙ্কায় দিন কাটছে বাসিন্দাদের।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অর্থনৈতিক সংকটের পাশাপাশি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধই এই দুরবস্থার মূল কারণ। বছরের পর বছর ধরে জায়গাটি ব্যবহার করলেও বিরোধের কারণে ঘর মেরামতের সুযোগ পাচ্ছে না পরিবারটি। প্রতিপক্ষের আপত্তির মুখে সামান্য সংস্কার কাজও বন্ধ হয়ে আছে।
পরিবারের সদস্যরা জানান, বছরের পর বছর কষ্ট সহ্য করেও তারা কোনো সহায়তা পাননি। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। প্রবল বৃষ্টি বা ঝড়ের সময় তারা সবসময় দুর্ঘটনার শঙ্কায় থাকেন।
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিলে একটি অসহায় পরিবার নিরাপদ আশ্রয় পেতে পারে, এমনটাই প্রত্যাশা তাদের।
ভোরের আকাশ/ র.ই