পার্বতীপুরে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

কৃষি ও পুষ্টি খাতে টেকসই উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে দিনাজপুরের পার্বতীপুরে অনুষ্ঠিত হয়েছে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুরের উপপরিচালক জনাব মোঃ আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার (দিনাজপুর অঞ্চল) জনাব সন্জয় দেবনাথ এবং পার্বতীপুর উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ রাজিব হুসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন।বক্তারা তাদের বক্তব্যে বলেন, পুষ্টি সংবেদনশীল কৃষি ব্যবস্থার উন্নয়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় এই ধরনের প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আরও বলেন, কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং পুষ্টিকর খাদ্য উৎপাদনে সচেতনতা বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।
কংগ্রেসে স্থানীয় কৃষক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এতে কৃষি খাতের উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
ভোরের আকাশ/এনউব