উন্নয়নের আলো যেখানে পৌঁছায়নি, আমি সেখান থেকেই শুরু করব: মাজেদ বাবু

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেছেন, “রাজনীতিকে নৈতিকতার ভিত্তিতে দাঁড় করাতে হবে। রাজনীতি প্রতারণা বা ঘৃণা ছড়ানোর জায়গা নয়; বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা, সম্মান আদান-প্রদান ও পশ্চাদপদ সমাজকে এগিয়ে নেওয়ার মাধ্যমই হওয়া উচিত।”
রোববার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার উচাখিলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধানের শীষে ভোট চেয়ে মাজেদ বাবু বলেন, “ঈশ্বরগঞ্জ থেকে আমার ব্যক্তিগত কিছু নেয়ার নেই। এসেছি আপনাদের ভালোবাসা নিতে এবং এই অঞ্চলকে একটি উন্নত, আলোকিত ও আদর্শিক এলাকায় রূপান্তর করতে। আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আমার হাতকে শক্তিশালী করেন, তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়া সহজ হবে।”
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, “ভোটারদের বোঝাতে হবে—আগামী দিনে বিএনপি কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে, মৌলিক অধিকার নিশ্চিত করবে এবং গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে কী কী পদক্ষেপ নেবে।”

ঈশ্বরগঞ্জের উন্নয়ন ব্যাহত হওয়ার সমালোচনা করে তিনি বলেন, “স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় আমরা অন্যান্য উপজেলার তুলনায় অনেক পিছিয়ে আছি। গত ১৭ বছরে ঈশ্বরগঞ্জে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। এ অবহেলার পরিবর্তন আজ সময়ের দাবি।”
অতীতের ব্যর্থতার বিরুদ্ধে কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, “উন্নয়নের আলো যে জায়গায় পৌঁছায়নি—আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সেখান থেকেই আমার কাজ শুরু হবে।”
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উচাখিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাজী মোরশেদুজ্জামান ভোলা এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জয়নাল আবেদীন মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একেএম হারুন অর রশিদ, আব্দুল্লাহ আল মামুন খোকন, শরীফ জায়েদী এবং এডভোকেট শাজাহান কবীর সাজু।
এছাড়াও উপস্থিত ছিলেন উচাখিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহার উদ্দিন চৌধুরী, মোয়াজ্জেম হোসেন, শাহজাহান সাজু, হাদিউল বাসার সুমন, নজরুল মেম্বার, সাইফুল ইসলাম, বুলবুল সরকার, আমিনুল ইসলাম, মুরাদ হোসেন হলুদ, মোখলেছুর রহমান, হারুন মেম্বার, লিটন মাষ্টার, শফিকুল ইসলাম শফিক, কাজী আলমগীর মুকুল, কাজী সায়েম, নাজিম উদ্দিন, সোহেল কাজী।
এছাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী জাহাঙ্গীর কবির রনি, তানিম আহাম্মেদ সয়িম, শান্ত ভূঁইয়া, উচাখিলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, লিমন মন্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
ভোরের আকাশ/এসএইচ