চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধার পরিবারের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের পরিবারকে সাজানো মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে মানববন্ধন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। মঙ্গলবার ( ২০ অক্টোবর)দুপুরে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা রাজশাহী ‘এসআরবি’ টিমের অভিযানে স্বাস্থ্য বিভাগের কর্মী মো. মেহেদী হাসান ও সাবেক এএসআই আল মামুনের নামে দায়েরকৃত গায়াবি মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শিবগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলর রশিদ সনু লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ২৯ সেপ্টেম্বর রাতে মফিজ উদ্দিনের আমবাগানের খড় রাখার ঘর থেকে ৬ কেজি ৭.৫১ গ্রাম হেরোইন উদ্ধারের নাটক সাজানো হয়। তিনি বলেন, আমরা ১৯৭১ সালে দেশ স্বাধীন করেছি, আর আজ স্বাধীন দেশে মুক্তিযোদ্ধা পরিবারকেই ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে। কুচক্রী মহল ও সোর্সের মাধ্যমে ঘুমন্ত সন্তানদের তুলে নিয়ে বানোয়াট মামলা দেওয়া হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মানববন্ধনে শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধারাসহ পরিবারও অংশ নেন।
কর্মসূচি থেকে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মূল ষড়যন্ত্রকারীদের গ্রেফতার এবং দুই নিরপরাধ সন্তানের ওপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। দাবি না মানলে আগামীতে শুধু মুক্তিযোদ্ধা নয় জনসাধারণকে নিয়ে আরো কঠোর আন্দোলন করা হবে।
এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের এসআরবি-৫ এর কোম্পানি কমান্ডার মো. তরিকুল ইসলাম কে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলে কোন সাড়া পাওয়া যায়নি এবং বার্তারুপে প্রেরণ করা হলে কোন উত্তর পাওয়া যায়নি।
ভোরের আকাশ/ এনউব