মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধ পরিদর্শনে এমপি ড. জালাল উদ্দিন

চাঁদপুরের মতলব উত্তরে দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ও মেঘনা নদীর তীব্র ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার আমিরাবাদ এলাকা ও মতলব ব্রিজের এপ্রোচ ভাঙন এলাকাসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন তিনি। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং তাদের দুর্ভোগের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ড. মো. জালাল উদ্দিন বলেন, মেঘনা নদীর ভয়াবহ ভাঙনে মানুষের ঘরবাড়ি, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো হুমকির মুখে পড়েছে। আমি বিষয়টি জাতীয় সংসদে গুরুত্বের সাথে তুলে ধরেছি। এই অঞ্চলের মানুষকে রক্ষায় স্থায়ী ও টেকসই নদীশাসন এবং বেড়িবাঁধ সংরক্ষণে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
তিনি নদীভাঙনকে একটি জাতীয় সমস্যা উল্লেখ করে এর স্থায়ী সমাধানে পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, মতলব দক্ষিণ ইউএনও কেএম ইশমাম, মতলব উত্তর থানার ওসি মো. কামরুল হাসান, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খায়রুল হাসান বেনুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভোরের আকাশ/র.ই