ডুমুরিয়ায় খাল খনন প্রকল্পে অনিয়ম, ফেরত ১ কোটি ৩৬ লাখ টাকা

খুলনার ডুমুরিয়া উপজেলার বিলডাকাতিয়াসহ আশপাশের এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে নেওয়া দুটি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়ম ও অপরিকল্পিত কাজের অভিযোগ উঠেছে। প্রকল্প দুটিতে কাজের পরিমাণ ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন ওঠার পর প্রশাসনের হস্তক্ষেপে অব্যয়িত ১ কোটি ৩৬ লাখ ৩১ হাজার ১৯ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ‘সাহস ডোলডাঙ্গা খাল হতে কাঠবুনিয়া বড় দোয়ানিয়া খাল হয়ে ভদ্রা নদী অভিমুখে খাল পুনঃখনন’ এবং ‘কৃষ্ণনগর নিমতলা হতে বিলডাকাতিয়া হয়ে রংপুর সাড়াতলা পর্যন্ত খাল পুনঃখনন’—এ দুটি প্রকল্প গ্রহণ করা হয়।
অভিযোগ রয়েছে, প্রকল্পের শুরু থেকেই খালের নির্ধারিত গভীরতা ও সীমানা যথাযথভাবে অনুসরণ না করে ভেকু মেশিন দিয়ে তড়িঘড়ি করে মাটি খনন করা হয়। খনন করা মাটি খালের পাড়েই ফেলে রাখা হয়। কোথাও কোথাও কাজ শেষ দেখানো হলেও বাস্তবে কাঙ্ক্ষিত কাজ হয়নি বলেও স্থানীয়দের অভিযোগ।
এ ছাড়া ভদ্রা নদীর স্লুইস গেটের সামনে খনন করা মাটিরও যথাযথ ব্যবস্থাপনা করা হয়নি বলে অভিযোগ রয়েছে। খালের পাড়ে সম্প্রতি রোপণ করা কিছু গাছের চারাও পানিতে তলিয়ে গেছে।
প্রকল্প দুটির আর্থিক তথ্য অনুযায়ী, সাহস ডোলডাঙ্গা থেকে ভদ্রা নদী অভিমুখে খাল পুনঃখনন প্রকল্পে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা। এর মধ্যে ৯০ লাখ ৫৪ হাজার ৩৬১ টাকার কাজ দেখানো হয়েছে। অব্যয়িত ৩৭ লাখ ২৪ হাজার ১৭৬ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
অন্যদিকে, কৃষ্ণনগর নিমতলা থেকে রংপুর সাড়াতলা পর্যন্ত খাল পুনঃখনন প্রকল্পে প্রাক্কলিত ব্যয় ছিল ১ কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৩২ টাকা। এর মধ্যে ৮২ লাখ ২১ হাজার ৫৭৪ টাকার কাজ হয়েছে। অব্যয়িত ৯৮ লাখ ৬০ হাজার ৬৫৮ টাকা ফেরত দেওয়া হয়েছে।
ডুমুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, প্রকল্প দুটির অব্যয়িত মোট ১ কোটি ৩৬ লাখ ৩১ হাজার ১৯ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
খুলনা জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, দুটি খাল খননের কাজ সরেজমিনে পরিদর্শন করে প্রকৃত কাজের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। পরে জেলা প্রশাসকের নির্দেশে অবশিষ্ট অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ১ কোটি ৩৬ লাখ টাকা ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
ভোরের আকাশ/জেআ