বিদ্যুৎ সরবরাহ জটিলতায় বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা জটিলতা থাকার কারণে সিরাজগঞ্জের এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুর ১টায় প্রতিষ্ঠান দুটি বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজ বুধবার দুপুর ১টা থেকে আগামী ২৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নির্দেশনায় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় জটিলতার কারণে আজ বুধবার ২২ এপ্রিল দুপুর ১টা থেকে আগামী ২৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী রোববার (২৬ এপ্রিল) থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম যথারীতি পুনরায় শুরু হবে।
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের অফিস সুপারিনটেনডেন্ট আশিকুর রহমান বলেন, চলমান বিদ্যুৎ সংকটের কারণে মেডিকেল কলেজ আজ দুপুর ১টায় বন্ধ ঘোষণা করা হয়েছে।
আগামিকাল বৃহস্পতিবারও বন্ধ থাকবে। তবে শুক্রবার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে না। আগামী ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) ভর্তি কার্যক্রম পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভোরের আকাশ/ র.ই