চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে নতুন আয়োজন, উৎসব ঘিরে প্রস্তুতি শুরু

চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং স্থানীয় শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি জোরদারের লক্ষ্যে বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব আয়োজন করতে যাচ্ছে জাতীয় সাংস্কৃতিক মঞ্চ।
আগামী ১৯ ডিসেম্বর ২০২৬ এ উৎসব অনুষ্ঠিত হবে। আয়োজনকে সফল ও সুশৃঙ্খল করতে ইতোমধ্যে গঠন করা হয়েছে একাধিক উপকমিটি।
উৎসবের প্রস্তুতি ও পরিকল্পনা চূড়ান্ত করার লক্ষ্যে গত শনিবার রাতে নগরীর চেরাগী পাহাড়ের লুসাই ভবনের তৃতীয় তলায় সংগঠনটির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংস্কৃতিক মঞ্চের সভাপতি ও সাংবাদিক কামরুল হুদা। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও গীতিকার নজরুল ইসলাম।
সভায় চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের শিল্পী, কবি, গীতিকার, সুরকার, নাট্যকার, সংগঠক এবং সংস্কৃতিমনা ব্যক্তিরা অংশ নেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা মঞ্চ, চট্টগ্রাম বিভাগের সভাপতি কবি এম এ হাশেম আকাশ, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের গীতিকার ও সুরকার দীলিপ ভারতী, নাট্যকার রতন চক্রবর্ত্তী, আঞ্চলিক গানের শিল্পী ফরিদুল ইসলাম, কিরণ শর্মা, সংগীতশিল্পী এস কে মানিক, কবি জহিরুল ইসলাম জহির, শিল্পী জসিম উদ্দিন মনছুরি, বাউল জুয়েল দ্বীপ নুরী, রূপনা দাশ, মো. মোস্তফা কামাল, এস এম ফারুক, নারী উদ্যোক্তা ও কবি তানিয়া সুলতানা, সৈয়দ মোস্তফা আলম, মুম তাহিনা রিবু এবং মিফতাহুল ইসলামসহ অনেকে।
সভায় প্রস্তাবিত উৎসবের আয়োজন, কর্মপরিকল্পনা, অংশগ্রহণকারী নির্বাচন এবং পরিবেশনার বিষয়গুলো নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। উৎসবে সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটকসহ সংস্কৃতির বিভিন্ন শাখার পরিবেশনা রাখার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অনুষ্ঠানস্থল ব্যবস্থাপনা, অতিথি আপ্যায়ন, শৃঙ্খলা রক্ষা, প্রচার-প্রচারণা এবং সার্বিক সমন্বয়ের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় বক্তারা বলেন, একটি জাতির স্বকীয়তা, ইতিহাস, ঐতিহ্য ও মূল্যবোধের অন্যতম পরিচায়ক হচ্ছে তার সংস্কৃতি। সুস্থ সাংস্কৃতিক চর্চা মানুষের মননশীলতা বিকাশের পাশাপাশি সমাজে মানবিকতা, সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার জন্য সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তাঁরা মনে করেন, চট্টগ্রামের রয়েছে নিজস্ব লোকজ ঐতিহ্য, আঞ্চলিক সংগীত, নাট্যচর্চা, সাহিত্য ও শিল্পকলার সমৃদ্ধ ইতিহাস। এই ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন কার্যকর ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ের প্রতিভাবান শিল্পীদের নিজেদের পরিবেশনা তুলে ধরার সুযোগ তৈরি করাও এ উৎসবের অন্যতম লক্ষ্য হওয়া উচিত।
সভায় বক্তারা আরও বলেন, শিল্প-সংস্কৃতির পরিসর কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। দল-মত, ধর্ম-বর্ণ ও পেশাগত পরিচয়ের পার্থক্য ভুলে সব শ্রেণির শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক সংগঠক এবং সংস্কৃতিপ্রেমীদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্যেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তাঁদের মতে, এ ধরনের উৎসবের মধ্য দিয়ে শিল্পীদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে। পাশাপাশি সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়বে এবং তরুণ প্রজন্ম সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার অনুপ্রেরণা পাবে।
প্রস্তুতিমূলক সভায় আগামী ১৯ ডিসেম্বরের সাংস্কৃতিক উৎসব সুষ্ঠু, সুন্দর ও পরিকল্পিতভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য মঞ্চ উপকমিটি, আপ্যায়ন উপকমিটি, শৃঙ্খলা উপকমিটি, প্রচার উপকমিটি, অর্থ উপকমিটি ও অভ্যর্থনা উপকমিটিসহ একাধিক উপকমিটি গঠন করা হয়েছে।
আয়োজকদের মতে, এসব উপকমিটি নিজ নিজ দায়িত্ব পালন করলে উৎসবের সার্বিক ব্যবস্থাপনা আরও গতিশীল ও সমন্বিত হবে। অনুষ্ঠানে শিল্পী ও অতিথিদের অংশগ্রহণ নিশ্চিত করা থেকে শুরু করে মঞ্চ ব্যবস্থাপনা, অর্থসংস্থান, প্রচার এবং শৃঙ্খলা রক্ষার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম এসব কমিটির মাধ্যমে পরিচালিত হবে।
সভায় উপস্থিত সবাই উৎসবকে সফল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে চট্টগ্রামে নিয়মিত সাংস্কৃতিক চর্চার পরিবেশ সম্প্রসারণ, স্থানীয় শিল্পীদের যথাযথ মূল্যায়ন এবং নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকদের প্রত্যাশা, আগামী ১৯ ডিসেম্বরের এই আয়োজন চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক ধারার মানুষকে একত্রিত করার পাশাপাশি নগরীর সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
ভোরের আকাশ/রই