টাঙ্গাইলে খাল খনন কাজের উদ্বোধন

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে টাঙ্গাইলের কালিহাতিতে ভিয়াইল খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলার কালিহাতি উপজেলার ভিয়াইল বাজার এলাকায় ভিয়াইল খালের ভিয়াইল হতে তালতলা পর্যন্ত এক কিলোমিটার খনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক,বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, বিশিষ্ট চিকিৎসক, ডা: শাহ আলম তালুকদা, জেলা জিয়া পরিষদের সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এ কে এম আব্দুল আওয়াল প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে পারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আজিজুর রহমান তালুকদার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং কৃষি কাজে ব্যাঘাত ঘটতো। খনন কাজ সম্পন্ন হলে পানি দ্রুত নিষ্কাশন হবে এবং কৃষি উৎপাদন বাড়বে বলে তারা আশা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, সারাদেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে কালিহাতিতে ভিয়াইল খালের খনন কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ভিয়াইল হতে তালতলা পর্যন্ত ১ কিলোমিটার এবং পরবর্তীতে তালতলা হতে গোলড়া হয়ে বংশাই নদীতে মিলিত হবে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য খাল গুলোও পুনরুদ্ধার, সংস্কার ও খনন করা হবে।
ভোরের আকাশ/এনএস