লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে র্যাব-৮ , তথ্য দিলে গোপনীয়তা রক্ষা ও পুরস্কার

২০২৪ সালের ৫ আগস্ট দেশের সার্বিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির পটপরিবর্তনের সময় দেশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও সরকারি দপ্তর থেকে বিপুল পরিমাণ সরকারি অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। এসব লুণ্ঠিত ও হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্রের অপব্যবহার রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে র্যাব-৮, বরিশাল।
র্যাব-৮-এর পক্ষ থেকে জানানো হয়েছে, লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের অবস্থান সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে সহায়তা করলে সূচক অনুযায়ী সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে তথ্যপ্রদানকারীর পরিচয়, নিরাপত্তা ও তথ্যের গোপনীয়তা শতভাগ নিশ্চিত করা হবে।
অভিযানের সময়সীমা
বিশেষ অস্ত্র উদ্ধার অভিযান ও পুরস্কার প্রদান কার্যক্রম আগামী ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।
ডিজিটাল মাধ্যমে তথ্য দেওয়ার সুযোগ
তথ্যপ্রদানকারীদের সুবিধা ও পরিচয় গোপন রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে ডিজিটাল মাধ্যমে তথ্য দেওয়ার সুযোগ রেখেছে র্যাব-৮। দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই সরাসরি কল বা বার্তার মাধ্যমে তথ্য দেওয়া যাবে। পাশাপাশি অ্যাপের মাধ্যমে অডিও, ভিডিও, ছবি বা টেক্সট মেসেজ পাঠিয়েও তথ্য জানানো যাবে।
যোগাযোগের মাধ্যম ও নম্বর
র্যাব হটলাইনে সরাসরি কল, WhatsApp, imo, Telegram ও Viber-এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। নম্বরগুলো হলো—
০১৭৭৭-৭১১৪৪১, ০১৭৭৭-৭১১৪৪২, ০১৭৭৭-৭১১৪৪৩ ও ০১৭৭৭-৭১১৪৪৪।
এ ছাড়া টোল ফ্রি নম্বর ১২৫৫৬৬৯৯৯৯৯-এ সরাসরি কল করে তথ্য দেওয়া যাবে।
র্যাব-৮-এর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, অবৈধ অস্ত্র সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও জনপদকে নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দেশপ্রেম ও সামাজিক নিরাপত্তার স্বার্থে লুণ্ঠিত অস্ত্রের সন্ধান জানা থাকলে ভয় বা দ্বিধা না করে স্বতঃস্ফূর্তভাবে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে র্যাব-৮।
ভোরের আকাশ/সু.পা