মুন্সিগঞ্জে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ২

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা চুরির অভিযোগে জনতার গণপিটুনিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ।
বুধবার (৪ মার্চ) ভোররাত তিনটার দিকে হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কমিউনিটি ক্লিনিকের বৈদ্যুতিক তার চুরির সময় দুজনকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করলে তারা গুরুতর আহত হন।
খবর পেয়ে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, স্থানীয় গোয়ালিমান্দ্রা এলাকার বেদেপল্লীর ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩০) ও মো. শহিদুলের ছেলে ছানারুল (৩০)।
স্থানীয়দের দাবি, দুই সপ্তাহ আগে একই ইউনিয়নের সাতঘরিয়া এলাকায় একটি খামার থেকে লক্ষাধিক টাকার ছাগল চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় নিহত দুজন জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছিল। ভোরে কমিউনিটি ক্লিনিকে চুরি করতে গেলে তাঁদের হাতেনাতে ধরা হয় বলে দাবি স্থানীয়দের।
এই ঘটনার লৌহজং থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান চুরি ঘটনায় সন্দেহজনকভাবে দুইজনকে পিটিয়ে আহত করা হলে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যায়। এই ঘটনায় মামলা চলমান তদন্ত প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/ র.ই