কুলাউড়ায় বিয়েতে অভিনব উপহার: বন্ধুকে অকটেন দিলেন যুবক

মৌলভীবাজারের কুলাউড়ায় জ্বালানি তেলের সংকটের মধ্যে ব্যতিক্রমী এক ঘটনার জন্ম হয়েছে। প্রচলিত উপহারের ধারা ভেঙে বন্ধুর বিয়েতে অকটেন উপহার দিয়ে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন এক যুবক।
সোমবার(৬এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্রিউলী গ্রামে প্রবাসী আতিকুর রহমান লিটনের বিয়ের অনুষ্ঠানে এই ভিন্নধর্মী উপহার দেন তার বন্ধু মাসুম আহমদ।
সম্প্রতি জ্বালানি তেলের সরবরাহে ঘাটতির কারণে সাধারণ মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। এই বাস্তবতাকে মাথায় রেখেই বন্ধুর জন্য ব্যবহারিক ও প্রয়োজনীয় কিছু দেওয়ার চিন্তা থেকে অকটেন উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন মাসুম।
বিয়ের অনুষ্ঠানে এমন ব্যতিক্রমী উপহার দেখে উপস্থিত অতিথিরাও অবাক হন এবং বিষয়টি নিয়ে হাস্যরসের পাশাপাশি প্রশংসাও করেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে সময়োপযোগী ও সৃজনশীল উদ্যোগ হিসেবে দেখছেন।
ভোরের আকাশ/এনউব