ফতুল্লায় ন্যাড়া বাবু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাবু হত্যা মামলার প্রধান আসামি শাকিল (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব-১১। রোববার দুপুরে র্যাব-১১ ও র্যাব-১০ এর একটি যৌথ দল ঢাকা শহরের চকবাজার এলাকার ঢাকেশ্বরী রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রিয়াজ উদ্দিন ওরফে বাবু (৩৮) গার্মেন্টসের ঝুট ও ভাঙারি ব্যবসা করতেন। ফতুল্লা থানাধীন পঞ্চবটি মোড়ে ভ্রাম্যমাণ দোকান বসানোকে কেন্দ্র করে গ্রেফতারকৃত আসামি শাকিলসহ অন্যান্যদের সঙ্গে তার বিরোধ চলছিল।
গত ৫ মার্চ ভোরে বাবুর বন্ধু লিটনকে সেলিম ফোন করে জানায়, বাবুকে নিয়ে ফতুল্লা থানাধীন পঞ্চবটি প্রধান পেট্রোল পাম্পের সামনে আসতে। পরে বাবু ও লিটন সেখানে গেলে একপর্যায়ে তারা কিছুক্ষণ অবস্থান করে পঞ্চবটি মোড়ের দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় প্রধান পেট্রোল পাম্প ও পঞ্চবটি মোড়ের মাঝামাঝি নতুন ফ্লাইওভারের নিচে পৌঁছালে গ্রেফতারকৃত আসামি শাকিলসহ অজ্ঞাত ১২-১৩ জন তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় বাবু ও লিটনকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই র্যাব বিষয়টি নিয়ে কাজ শুরু করে। অবশেষে রোববার দুপুরে ঢাকার চকবাজার এলাকা থেকে মামলার প্রধান আসামি শাকিলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ