৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মাগুরায় জেলা প্রশাসনের কর্মচারীদের মানববন্ধন

বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সারাদেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলা প্রশাসন, মাগুরার কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করেন জেলা প্রশাসন, মাগুরার কর্মচারিবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে চরম কষ্টে মানবেতর জীবনযাপন করছেন। এ পরিস্থিতিতে অবিলম্বে বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করে বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়ন করতে হবে।
তারা আরও দাবি জানান, ২০১৫ সালের পে-স্কেলের গেজেটে হরণকৃত তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে। পাশাপাশি বেতন জ্যেষ্ঠতা সংরক্ষণ, পেনশন ব্যবস্থা চালু এবং গ্রাচুইটির হার ৯০ শতাংশের পরিবর্তে ১০০ শতাংশ নির্ধারণের দাবি জানান বক্তারা।
বক্তারা বলেন, পে-কমিশন কর্তৃক প্রণীত প্রস্তাবনা নির্বাচন পূর্বেই গেজেট আকারে প্রকাশ ও বাস্তবায়ন করতে হবে। অন্যথায় কর্মচারীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ সাকির আহমেদ, অমৃত কুমার বিশ্বাস, মোঃ শফিকুল ইসলাম, যুধিষ্ঠির বিশ্বাস, মোঃ মাসুম রেজা ও মোঃ নবীর হোসেন।
বক্তারা স্পষ্টভাবে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ৯ম পে-স্কেলের গেজেট জারি না হলে সারাদেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন চলাকালে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
ভোরের আকাশ/ আ.র