আড়াইহাজারে সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর এপিএস গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার আসনের আওয়ামী সরকারের সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (এপিএস) মোঃ ওয়ালীউল্লাহকে (৪০) গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা-পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকার আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জের গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ও আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ওয়ালীউল্লাহর বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার শিবপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. আব্দুল্লাহ।
নারায়ণগঞ্জের গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ওয়ালীউল্লাহকে গ্রেপ্তারের জন্য পুলিশ বেশ কয়েক দিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকার আগারগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, ওয়ালীউল্লাহর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ভোরের আকাশ/সু.পা