সিরাজগঞ্জে ৯৪ টি মোবাইলসহ চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে চোরাই ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ আন্তজেলা চোরচক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, মো. রবিউল (৩৩), আলাউদ্দিন (২৫), ইসরাফিল (২৭), হৃদয় (৩৫), আলামিন (৩০), আক্কাস (৩৫), ইমরান (৩০) ও ইয়াসিন আরাফাত (৩৮)।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, বুধবার সকাল ১১টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে মোট ৯৪ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন জেলার বাসিন্দা এবং একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। বুধবার সকাল ৮টার দিকে তারা বগুড়ার ধুনট উপজেলার একটি মোবাইল ফোনের দোকানের শাটার কেটে ভেতরে প্রবেশ করে মোবাইল ফোন চুরি করে।
চুরির পর তারা শ্যামলী পরিবহনের একটি বাসে করে অন্যত্র যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
মাসুদ টেলিকমের স্বত্বাধিকারী মাসুদ রানা বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। বুধবার ভোর ৭টার দিকে মার্কেটের নৈশপ্রহরী দোকানগুলো দেখভাল করতে গিয়ে তার দোকানের তালা কাটা ও শাটার খোলা দেখতে পান। পরে বিষয়টি তাকে জানানো হয়।
খবর পেয়ে তিনি দোকানে গিয়ে ধুনট থানার পুলিশকে অবহিত করেন। পরে দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চোরদের গতিবিধি শনাক্তের চেষ্টা করা হয়। একপর্যায়ে সিএনজি স্ট্যান্ডে গিয়ে চালকদের সঙ্গে কথা বলে তাদের পালানোর বিষয়ে তথ্য পাওয়া যায়।
এরপর ধুনট থানা পুলিশ, সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ ও যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের সমন্বিত অভিযানে শ্যামলী পরিবহনের বাস থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করা হয়েছে। পরে তাদের ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/ এনউব