ঘিওর আধুনিক হাসপাতাল সিলগালা, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ভুয়া টেস্ট রিপোর্ট ও ভুয়া এনেস্তেসিয়া চিকিৎসকের মাধ্যমে সিজারিয়ান অপারেশন করাসহ নানা অনিয়মের অভিযোগে ঘিওর আধুনিক হাসপাতালের কার্যক্রম বন্ধ ও ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মানিকগঞ্জের সিভিল সার্জন আইভি ফেরদৌসের নেতৃত্বে ওই হাসপাতালে অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগ হাসপাতাল বন্ধ সহ ৪০ হাজার টাকা জরিমানা করেন ঘিওর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম। অত্যন্ত স্পর্শকাতর বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে।
প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইতির অপারেশনে মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের ১২০ নম্বর কক্ষে সিরিয়াল প্রদানকারী এক নারীকে এনিস্তেসিয়া চিকিৎসক হিসেবে ব্যবহার করেন ডা: এমদাদুল হক। সুশিক্ষিত এই নারীর সাথে ডা: এমদাদ এর পারিবারিক সম্পর্ক রয়েছে।
মানিকগঞ্জের সিভিল সার্জন আইভি ফেরদৌস জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘিওর আধুনিক হাসপাতালে অভিযান চালানো হয়। অভিযানকালে সরকারি কোন চিকিৎসককে পাওয়া না গেলেও বিভিন্ন অনিয়মের কারণে বেসরকারী এই প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ও জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, কর্তব্যকালীন সময়ে কোন চিকিৎসকের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ নাই।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ঘিওর আধুনিক হাসপাতাল, এভারগ্রিন মেডিকেল সেন্টার ও ইউনিক ডায়াগনস্টিক সেন্টার নামক তিনটি বেসরকারি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘিওর আধুনিক হাসপাতালের কার্যক্রম বন্ধ ও ৪০ হাজার টাকা জরিমানাসহ মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর 'মানিকগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে ডিউটি ফাঁকির অভিযোগ' শীর্ষক শিরোনামে শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ভোরের আকাশ এর প্রিন্ট ও অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশিত হয়।
ভোরের আকাশ/রই