চাঁদপুরের বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

চাঁদপুরের কচুয়া উপজেলার বাইছারা গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন সাদিয়া আক্তার (২৫) নামের এক তরুণী।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর থেকে প্রেমিক ওসমানের (২৬) বাড়িতে তিনি অনশন করছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমিক ওসমান বাইছারা গ্রামের দুলাল মিয়ার ছেলে। প্রেমিকা সাদিয়া একই গ্রামের মৃত আব্দুর রহিমের মেয়ে। দুজনের মধ্যে দীর্ঘ সাত বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। তারা চট্টগ্রামে একসঙ্গে পড়াশোনা ও চাকরি করতেন। এ ঘটনায় প্রেমিক ওসমান পলাতক রয়েছেন বলে জানা গেছে।
সাদিয়া আক্তারের অভিযোগ, ওসমান বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার চট্টগ্রামের সি-বিচ হোটেল এবং তার ভাড়া বাসায় নিয়ে গিয়ে রাত কাটিয়েছেন। এখন বিয়ের কথা উঠলে তিনি নানা অজুহাতে তা এড়িয়ে যাচ্ছেন।
সাদিয়া জানান, দীর্ঘ সাত বছর ধরে ওসমানের সঙ্গে প্রেমের সম্পর্ক। সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন নানা বাহানা করছে। তাই আমি তার বাড়িতে এসেছি, বিয়ে না হওয়া পর্যন্ত এখানেই থাকব।
অন্যদিকে, ওসমানের বাবা দুলাল মিয়া বলেন, ছেলেমেয়ের মধ্যে সম্পর্ক ছিল, সেটা জানি। কিন্তু মেয়ের এমনভাবে এসা ঠিক হয়নি। আমি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। ছেলের মতামত ছাড়া আমি কিছু করতে পারব না।
এদিকে, সাদিয়ার মা জাহানারা বেগম জানান, দীর্ঘদিন ধরে আমার মেয়ের সাথে ওসমানের প্রেমের সম্পর্ক ছিল কিন্তু বিয়ের প্রস্তাব দিলে ছেলের পরিবার অস্বীকৃতি জানায়। আমরাও চাই ছেলে-মেয়ে উভয়ই বিবাহ বন্ধনে আবদ্ধ হোক।
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন ও মহিলা সদস্য শিল্পী বেগম জানান, বিষয়টি আমরা আগে থেকেই জানতাম। একাধিকবার ওসমানকে সমাধানের জন্য বলেছিলাম। কিন্তু তারা কর্ণপাত করেনি। এখন মেয়েটি বিয়ের দাবিতে অনশন করছে এটা খুবই দুঃখজনক।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
ভোরের আকাশ/মো.আ.