চবিতে অনুষ্ঠিত হলো মাইজভাণ্ডারী স্মারক বক্তৃতা ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হয়েছে ‘গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী স্মারক বক্তৃতা ২০২৬’। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিরি) যৌথ আয়োজনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টি অডিটোরিয়ামে দুপুর ২টায় অনুষ্ঠিত এ আয়োজনের উদ্দেশ্য ছিল মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর জীবন, আধ্যাত্মিক দর্শন ও অবদানকে স্মরণ করা এবং সুফিবাদবিষয়ক গবেষণাকে আরও এগিয়ে নেওয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মোরশেদুল আলম।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে স্বাগত বক্তব্য দেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিরি) ম্যানেজিং ট্রাস্টি ও চেয়ারম্যান শাহজাদা সৈয়দ ইরফানুল হক।
স্মারক বক্তৃতায় অংশ নেন বাহরাইনের সুন্নী শরীয়াহ বোর্ডের সাবেক প্রধান বিচারপতি ড. ইব্রাহিম আল-শেখ রশিদ আল-মুরাইখী এবং মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক দাওয়া অনুষদের সাবেক ডিন ও ধর্ম ও মতবাদ বিভাগের অধ্যাপক ড. জামাল ফারুক জিবরিল মাহমুদ।
ড. ইব্রাহিম আল-শেখ রশিদ আল-মুরাইখী ‘প্রেইস ডেডিকেটেড টু প্রফেট মুহাম্মদ (স.): আল-মাদিহ আল-নবাবি অ্যান্ড ইটস ইমপ্যাক্ট অন সোসাইটিজ ইন গাল্ফ স্টেটস’ শীর্ষক বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। অন্যদিকে ড. জামাল ফারুক জিবরিল মাহমুদের আলোচনার বিষয় ছিল ‘দ্য পজিশন অব আল-আজহার শরীফ অন সুফিজম’।
স্মারক বক্তৃতা অনুষ্ঠানে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সুফি গবেষক, শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা অংশগ্রহণ করেন। বক্তারা সুফিবাদ, ইসলামী আধ্যাত্মিকতা এবং সমাজে এর প্রভাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে দুইজন মেধাবী শিক্ষার্থীকে ‘সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী স্মৃতি বৃত্তি’ প্রদান করা হয়। একই সঙ্গে ‘গ্র্যাজুয়েট সিম্পোজিয়াম ২০২৬’-এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।
ভোরের আকাশ/ এনউব