চকরিয়া
নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার খুটাখালী বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন - চকরিয়ার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের আবু তাহেরের ছেলে লাল মুহিত উদ্দিন সাগর (৩৩) এবং একই এলাকার মোহাম্মদ জোহারের ছেলে মোহাম্মদ উসমান (১৯)।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন ভবনটিতে তিনজন শ্রমিক কাজ করছিলেন। ভবনটির পাশেই ১১ হাজার ভোল্টের একটি বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিল। কাজের একপর্যায়ে প্রথমে লাল মুহিত উদ্দিন সাগর বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গেলে মোহাম্মদ উসমানও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বলেন, নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় প্লাস্টারের কাজ করার সময় পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের সঙ্গে স্পর্শ লেগে এ দুর্ঘটনা ঘটে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছে। পরে মরদেহগুলো হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/ র.ই