ডুবোচরে আটকে পড়া লঞ্চ যাত্রীদের উদ্ধার করলো নৌ-পুলিশ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের কুশিহাঁটা পয়েন্টে পদ্মার ডুবোচরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে নৌ পুলিশ।
শনিবার (২৭ জুন) রাত সাড়ে এগারোটার দিকে পাটুরিয়া ও দৌলতদিয়া নৌ-থানা পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে নিরাপদে পাটুরিয়া লঞ্চঘাটে পৌঁছে দেন।
নৌ পুলিশ সূত্র জানায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে এমভি বোয়ালি নামক একটি লঞ্চ ৮৫ জন যাত্রী নিয়ে দৌলদিয়া লঞ্চঘাট থেকে ছেড়ে আসে। পাটুরিয়া লঞ্চঘাটে পৌছার আগেই যাত্রীবাহী লঞ্চটি নৌ-রুটের পদ্মা নদীর মাঝখানে কুশি হাঁটা পয়েন্টে জেগে উঠা ডুবোচরে আটকে পড়ে।
এসময় তীব্র অন্ধকার ও গভীর পানিতে আটকে পড়া লঞ্চের যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপায়ান্তু না দেখে যাত্রীরা জরুরী পরিষেবা ৯৯৯ এ কল করেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পাটুরিয়া নৌ-থানা নৌ পুলিশ এবং দৌলতদিয়া নৌ থানা পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান সুর করে।
পাটুরিয়া নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল জানান, উদ্ধারকারী লঞ্চ, ট্রলার ও দুটি স্পিডবোর্ড নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার কার্যক্রম শুরু করি।
পরে স্পিডবোট ও ট্রলারের মাধ্যমে ৮৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করে ‘এমভি চিশতিয়া’ নামের অপর একটি লঞ্চে স্থানান্তর করা হয়। এরপর রাত সাড়ে ১১টার দিকে তাঁদের মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটে পৌঁছে দেওয়া হয়। এঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
ভোরের আকাশ/ র.ই