রমজানে মাগুরায় বিশেষ অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

আসন্ন পবিত্র রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও সরবরাহ স্বাভাবিক নিশ্চিত করতে মাগুরায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তারিখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর মাগুরা জেলা কার্যালয় এবং জেলা প্রশাসন, মাগুরা-এর যৌথ উদ্যোগে সদর উপজেলার একতা কাঁচা বাজার ও ভায়না এলাকায় এ অভিযান চালানো হয়।বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে একতা কাঁচা বাজারের বিভিন্ন সবজি আড়ত ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়।
পূর্বে একাধিকবার সতর্ক করার পরও মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণে অনিয়ম এবং লাইসেন্স নবায়ন না করার অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী আরও তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সব মিলিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযানে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, বাধ্যতামূলকভাবে মূল্যতালিকা টানানো, স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য সংরক্ষণ এবং যথাযথভাবে ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।
পাশাপাশি রমজান মাসে অযৌক্তিকভাবে পণ্যের দাম না বাড়ানোর জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফাত আল মেহেদি। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ র.ই