চিতলমারীতে দেড় শতাধিক প্রতিমা দিয়ে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে চলছে ব্যাপক প্রস্তুতি। দেড় শতাধিক প্রতিমা দিয়ে সাজানো হচ্ছে পূজামণ্ডপ। এ আয়োজন ঘিরে শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেনসহ প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ পরিদর্শন করেন প্রস্তুতি পর্ব।
পঞ্চপল্লী কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্যামা মন্দির ও শক্তি উপাসনালয়ে এই প্রথমবারের মতো এত বিপুল সংখ্যক প্রতিমা একসঙ্গে তৈরি হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. মমিনুল হক টুলু বিশ্বাস, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দারসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। তারা ফিতা কেটে পূজার প্রস্তুতি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় দেবী দুর্গা থেকে শুরু করে ব্রহ্মা, বিষ্ণু, শিব, রাধাকৃষ্ণ, মনসা, কালী, দশ অবতারসহ নানা দেবদেবীর প্রতিমা একে একে ঘুরে দেখেন অতিথিরা। সুদৃশ্য মাটির ভাস্কর্যে মুগ্ধ হয়ে তারা প্রতিমা নির্মাণকারীদের ধন্যবাদ জানান।
পরে মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও মো. সাজ্জাদ হোসেন। তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষদের নির্ভয়ে ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. মমিনুল হক টুলু বিশ্বাস, উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী মনিরুজ্জামান এবং অ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, এলজিইডি প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, জামায়াত ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের স্থানীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি প্রভাষক গৌতম কুমার মণ্ডল এবং সঞ্চালনায় ছিলেন কাশীনাথ বৈরাগী।
আলোচনা শেষে বিএনপি নেতৃবৃন্দ পূজা উদযাপন কমিটির হাতে আর্থিক অনুদান প্রদান করেন।
ভোরের আকাশ//হ.র