প্রতিদিন দুর্ঘটনা, ১ কিলোমিটার ভাঙা সড়কে নাজেহাল ভোলার হাজারো মানুষ

ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের পুরাতন খেয়াঘাট থেকে চৌরাস্তা পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয়রা জানান, ভোলা-বরিশাল ও লক্ষ্মীপুর জেলার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা রাস্তায় প্রায় প্রতিদিনই যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে। দ্রুত সংস্কার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা তাদের।
এলাকাবাসীর ভাষ্য, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো শিক্ষার্থী স্কুল-কলেজে যাতায়াত করে। এছাড়া জরুরি রোগী হাসপাতালে নিতে গিয়েও দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় রোগীর জীবনও ঝুঁকির মুখে পড়ে।
স্থানীয়দের মতে, সড়কটি শুধু একটি ইউনিয়নের নয়; এটি ভোলা, বরিশাল ও লক্ষ্মীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। সড়কটি সংস্কার করা হলে শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্যসেবা এবং জরুরি যাতায়াত ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। জনস্বার্থে দ্রুত সড়কটি সংস্কার ও মেরামতের দাবি জানিয়েছেন তারা।
ভোরের আকাশ/এনএ