পীরগঞ্জে উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

রংপুরের পীরগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বালু বালু খেকোর এক লাখ টাকা জরিমানা ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনসহ সরঞ্জামাদী ধ্বংস করেছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার চতরা ইউনিয়নের চকভেকা গ্রামের করতোয়া নদী তীরে ওই বিশেষ অভিযান পরিচলানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ্ আল বাকী উল বারী।
জানা গেছে, দীর্ঘদিন ধরে চকভেকা গ্রামের মৃত. আব্দুল কাদেরের ছেলে রেজাউল করিম বছরের পর বছর ধরে প্রশাসনের তোয়াক্কা না করে পরিবেশের ক্ষতি করে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারবার করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। এর আগে তার বালু পয়েন্টের গর্তে ডুবে একই গ্রামের রুবেল মিয়ার শিশু ছেলে শাহীন মারা গেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে ওই বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করে ভ্রাম্যমান আদালত।
অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রতি বছর ফসলি জমি ও বসতবাড়ি নদী গর্ভে বিলীন হচ্ছে। পরিবেশ রক্ষায় ও জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
পীরগঞ্জ থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে। উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
উল্লেখ্য, করতোয়া নদীর পীরগঞ্জ এলাকায় প্রায় অর্ধশত পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের কারবার চলছে।
ভোরের আকাশ/আ.র