মাছের প্রজেক্টে ভাসমান অজ্ঞাত লাশ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গজালিয়া এলাকায় একটি মাছের প্রজেক্ট থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে গজালিয়া রাজঘাট এলাকার একটি মাছের প্রজেক্টে প্রথমে মরদেহটি পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গজালিয়া রাজঘাট এলাকায় মোস্তফা কামালের মালিকানাধীন একটি মাছের প্রজেক্টে মরদেহটি ভাসমান অবস্থায় দেখা যায়। পরে বিষয়টি দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা আবুল হাসান জানান, মরদেহটি কামাল ও দিদারের মালিকানাধীন প্রজেক্ট এলাকায় ছিল এবং লাশ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। তিনি আরও দাবি করেন, মৃত ব্যক্তির গলা ও চোখের কাছে আঘাতের চিহ্ন রয়েছে।
মাছের প্রজেক্টের মালিক মোস্তফা কামাল বলেন, “স্থানীয়দের কাছ থেকেই আমি বিষয়টি জানতে পেরেছি। তারা জানায়, আমার প্রজেক্টে একটি লাশ ভাসছে। তবে লাশটির পরিচয় বা কীভাবে এখানে এসেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল জানান, মরদেহটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা দ্রুত মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন। ঘটনাটি ঘিরে এলাকায় নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
ভোরের আকাশ/ র.ই