পীরগঞ্জে ভুয়া কাগজে ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক

রংপুরের পীরগঞ্জে ভুয়া পরিচয় ও জাল কাগজপত্র ব্যবহার করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করার অভিযোগে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম শওকত (২৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কক্সবাজারের উখিয়ার ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা তৈয়বের ছেলে বলে জানা গেছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ভুয়া নাগরিকত্ব সনদ ও জন্মনিবন্ধন তৈরি করে ভোটার হওয়ার জন্য নির্বাচন কার্যালয়ে আসেন শওকত। তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে উপজেলা নির্বাচন কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করেন।
একপর্যায়ে জিজ্ঞাসাবাদে শওকত নিজেকে রোহিঙ্গা হিসেবে পরিচয় দেন। পরে নির্বাচন কার্যালয় থেকে পুলিশকে খবর দেওয়া হলে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
পাঁচগাছী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুলতান মণ্ডল বলেন, ওই যুবক ভোটার হওয়ার জন্য ইউনিয়নের ঠিকানা ও তাঁর স্বাক্ষর স্ক্যান করে ব্যবহার করেছিলেন। কাগজপত্র যাচাইয়ের সময় দেখা যায়, তাঁর জমা দেওয়া জন্মনিবন্ধন ঢাকায় নিবন্ধন করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান বলেন, ফিঙ্গারপ্রিন্ট ও তথ্য যাচাইয়ের সময় ওই যুবকের কথাবার্তায় সন্দেহ হয়। পরে তাঁর গ্রাম, বাবার নাম ও দাদার নাম জানতে চাওয়া হয়। বাবার নাম সঠিকভাবে বলতে পারলেও দাদার নাম বলতে পারেননি তিনি। এরপর জিজ্ঞাসাবাদে নিজেকে রোহিঙ্গা হিসেবে স্বীকার করেন।
তিনি আরও বলেন, পীরগঞ্জের স্থানীয় ঠিকানা ব্যবহার করে জমা দেওয়া কাগজপত্র যাচাই করে সেগুলো ভুয়া বলে প্রমাণিত হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুয়া কাগজপত্র তৈরির সঙ্গে স্থানীয় কোনো চক্র জড়িত কি না, তা-ও তদন্ত করে দেখা হবে।
ভোরের আকাশ/সু.পা