খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭৪

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম ও ডেঙ্গুর প্রকোপে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজন এবং খুলনা জেলায় ডেঙ্গুতে দুজন মারা গেছেন। একই সময়ে বিভাগের ১০ জেলায় হাম ও ডেঙ্গুতে নতুন করে ৩৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর থেকে প্রকাশিত পৃথক দুটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ২৬০ জন ও বেসরকারি হাসপাতালে ২৪ জন ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে সর্বোচ্চ ৯৫ জন রোগী ভর্তি হয়েছেন খুলনা জেলায়। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ৮ হাজার ১৯৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ২৭ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৯০ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হয়েছেন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য দপ্তরের তথ্যমতে, ২০২৩ সালের ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ১০ হাজার ৯৮৮ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে হাম বা সন্দেহজনক হামে মোট ৪০ জনের মৃত্যু হয়েছে। একই দিনে হাম ও ডেঙ্গুতে চারজনের মৃত্যু এবং নতুন করে ৩৭৪ জন হাসপাতালে ভর্তি হওয়ায় এ দুই রোগ প্রতিরোধে সতর্কতা অবলম্বন ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর।
ভোরের আকাশ/সু.পা