পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কলেজের মুক্তা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার।
সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর লায়ন শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শাহীন রেজা, শিক্ষক পরিষদের সম্পাদক মো. শাহাবুদ্দিন সিকদার, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হক, কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আ. জলিল আকন, প্রফেসর মো. দেলোয়ার হোসেন ও প্রফেসর মো. আলী হোসেন এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পিরোজপুর শাখার ম্যানেজার মো. মাহবুবর রহমান।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি যুবায়ের আহমেদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর শিক্ষা মানুষকে সত্য, ন্যায়, সততা, মানবিকতা ও সম্প্রীতির পথে পরিচালিত করে। মহানবী (সা.)-এর আদর্শ ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নৈতিকতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের সৎ চরিত্র গঠন এবং দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের অংশ হিসেবে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন সরকারি সোহরাওয়ার্দী কলেজ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলী আহমাদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ হাওলাদার ও বাংলা বিভাগের প্রভাষক রহিমা খাতুন।
ভোরের আকাশ/ এনউব