মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানের জরিমানা আদায়

মেহেরপুরে সার, বীজ ও কীটনাশকের বাজারে কারসাজি ও অনিয়ম রোধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর। অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বেলা ১১টা থেকে দুপুর ৩ টা ৩০ মিনিট পর্যন্ত মেহেরপুর সদর উপজেলার কাথুলী রোড, কোমরপুর এবং মুজিবনগর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এই তদারকি কার্যক্রম চালানো হয়।
এ সময় মেসার্স হাশেম বীজভান্ডারকোমরপুর মেয়াদোত্তীর্ণ হরমোন বিক্রয় করার অপরাধে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।
জে আর পাইপ এন্ড ইঞ্জিনিয়ারিং হাউস পণ্যের উৎপাদন সম্পর্কিত তথ্য না থাকা এবং লাইসেন্স নবায়ন না থাকায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়। মা ট্রেডার্স (কাথুলী রোড, বটতলা) লাইসেন্স নবায়ন না করে অবৈধভাবে সার ও কীটনাশক বিক্রয় করার অপরাধে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় এই ৩টি প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৩৮,০০০/- (আটত্রিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালীন অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও প্রদান করা, মানসম্মত পণ্য কেনাবেচা করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা প্রত্যয়ন অফিস, সদর উপজেলা কৃষি অফিস এবং জেলা পুলিশের একটি চৌকস টিম। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/এনউব