পিরোজপুরে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়কের ওপর সন্ত্রাসী হামলা

পিরোজপুর সদর উপজেলা ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন মল্লিক নাছির (৭০) ও তার ভাতিজা শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন নিপু সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পার্শ্ববর্তী জিয়ানগর ( ইন্দুরকানী) উপজেলার পাড়েরহাট থেকে মোটরসাইকেল যোগে ফেরার পথে তাদের পথ আটকিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে মারাত্মক আহত করে দুর্বৃত্তরা।
আহত নিপু জানান, তিনি মোটরসাইকেল চালিয়ে নাসির মল্লিককে নিয়ে বাড়িতে ফিরছিলেন। তাদের মোটরসাইকেল পাড়ের হাট বাসস্ট্যান্ড ও চালনা ব্রিজের মাঝামাঝি পৌঁছানোর পর ৮-১০টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা তাদের পথ রোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এতে নাসিরের দুই পা, হাত, ঘাড় ও মাথায় জখম হয়।
দুইজনের মধ্যে নাসিরের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে পিরোজপুর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পিরোজপুর জেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার রাজীব পাইক।
খবর পেয়ে পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, কারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তা তদন্ত শেষে বলা যাবে।
ভোরের আকাশ/আ.র