জামালপুরে ঔষধ মনে করে কীটনাশক পান করে বৃদ্ধের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ঔষধ মনে করে কীটনাশক পান করার পর শাহ আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশল নগর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলী কুশল নগর উত্তর পাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে , শাহ আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এবং চোখেও কম দেখতেন। নিয়মিত সেবনের জন্য তাঁর ঘরে বিভিন্ন ধরনের ঔষধ রাখা ছিল। রবিবার বিকালে ঘরের ভেতরে থাকা ঔষধের বোতল ভেবে ভুলবশত কীটনাশকের বোতলটিকে নিজের নিয়মিত খাওয়ার ওষুধ মনে করে পান করে ফেলেন তিনি। ওই সময় বাড়িতে কোন লোকজন ছিলেন না। ঘটনার কিছুক্ষণ পর তাঁর স্ত্রী বাড়িতে এসে দেখে শাহ আলী মাটিতে পড়ে আছেন এবং তাঁর মুখ দিয়ে ফেনা উঠছে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, রবিবার বিকালে শাহ আলী নামের এক বৃদ্ধকে তার পরিবারের লোকজন আমাদের এখানে নিয়ে আসে। আমরা পরিক্ষা করে দেখি উনি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।
ভোরের আকাশ/ এনউব