মাগুরায় উন্নয়ন কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ : সংস্কৃতি মন্ত্রী

মাগুরার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতির সুযোগ নেই। দুর্নীতি উন্নয়নের প্রধান বাধা এ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
রোববার (১ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান। এছাড়া উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা: শামীম কবীরসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানরা।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করা, উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি ত্বরান্বিত করা এবং জনসেবার মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। মন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ও আন্তরিকতার মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান।
এসময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান জেলার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পুলিশ সুপার মো. হাবিবুর রহমান আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।
ভোরের আকাশ/ র.ই